নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীতে নেশার টাকা না পেয়ে নিজের গর্ভধারিণী মাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকার পুরাতন কৃষি ব্যাংক মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। ঘাতক ছেলের নাম সুমন (৩০)। ঘটনার পর স্থানীয় জনতা সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। শনিবার রাতে তিনি মাদকের টাকা চেয়ে তার মায়ের সঙ্গে বিতণ্ডায় লিপ্ত হন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে সুমন একটি ধারালো হাঁসুয়া দিয়ে মায়ের বুক ও পেটে একাধিকবার আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সোহাগী খাতুনের মৃত্যু হয়।
ঘটনার বীভৎসতা বর্ণনা করে স্থানীয়রা জানান, হত্যার পর সুমন তার মায়ের মরদেহ টেনে রাস্তায় ফেলে দেন। এরপর তিনি বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান নেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাকে ঘর থেকে বের করে আটক করে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুমনকে হেফাজতে নেয়।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে সুমন একজন মাদকাসক্ত যুবক। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।