নিজস্ব প্রতিবেদক, যশোর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যশোর সফরকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে পুরো শহর। দীর্ঘ প্রতীক্ষিত এই সফরকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আগামীকাল তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে আজ রোববার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় যশোর টাউন হল মাঠ থেকে একটি বিশাল মিছিল বের করে জেলা স্বেচ্ছাসেবক দল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক— চিত্রামোড় ও চৌরাস্তা প্রদক্ষিণ করে আদ-দ্বীন হাসপাতালের সামনে দিয়ে লালদীঘির পাড়স্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। ‘যশোরবাসী ডাকছে, তারেক রহমান আসছে’, ‘অমিত ভাই ডাকছে, তারেক রহমান আসছে’ এবং ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’— এমন সব স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন তারা। তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে শহরের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ মোড়গুলো।
মিছিলে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগর। এছাড়াও জেলা, সদর উপজেলা ও নগর স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।
বিএনপি নেতারা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফরকে কেন্দ্র করে যশোরের রাজনীতিতে নতুন প্রাণসঞ্চার হয়েছে। জনসভাস্থলসহ পুরো শহরে নিরাপত্তা নিশ্চিত করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে নিরলস কাজ করে যাচ্ছে দলীয় স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।