নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর হাজারীবাগের গণকটুলি এলাকায় সাধারণ মানুষের ওপর হামলা, চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে কিশোর গ্যাং প্রধান শিপলুসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার রাতে এক সাঁড়াশি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে হাজারীবাগ থানার ওসির সাথে কাজ শেষ করে ফেরার পথে গণকটুলি এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের সশস্ত্র হামলার শিকার হন মো. রাজেশ গনি ও তার ছোট ভাই নিখিল। ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের মুখে তাদের কাছ থেকে সর্বস্ব লুটে নেয়। এই ঘটনার পর সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত অপরাধী শিপলু ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত শিপলু ও তার বাহিনী দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাই করে আসছিল। সম্প্রতি গণকটুলি এলাকার স্থায়ী বাসিন্দা শাহিন নামের এক ব্যক্তির কাছে বাড়ি নির্মাণের জন্য ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে শিপলু। টাকা দিতে অস্বীকার করায় শাহিনের বাসায় হামলা চালিয়ে তাকে তুলে নিয়ে আসা হয় এবং রাস্তার মাঝখানে প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত করা হয়। অস্ত্রের বাটের আঘাতে শাহিনের একটি চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে তিনি এখন চোখে ঝাপসা দেখছেন।
স্থানীয়দের অভিযোগ, শিপলু নিজেকে স্থানীয় বিএনপির কর্মী দাবি করে এবং কিছু জ্যেষ্ঠ নেতার সাথে সুসম্পর্কের দোহাই দিয়ে এলাকায় বেপরোয়া হয়ে উঠেছিল। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা থাকলেও এতদিন পুলিশ তাকে গ্রেপ্তার করেনি বলে অভিযোগ এলাকাবাসীর। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিপলুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং যাচাই-বাছাই শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।