লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মহান আল্লাহ যদি আমাদের কামিয়াব করেন, তবে ক্ষমতায় গেলে কাউকে দুর্নীতি করতে দেব না। বিগত সময়ে যারা দেশের অর্থ পাচার করেছে, তাদের পেট থেকে সেই টাকা বের করে আনা হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে চাই। অপরাধ করলে আইন সবার জন্য সমান হবে; একজন সাধারণ মানুষের যে সাজা হবে, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরও একই সাজা হবে। তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে প্রত্যেকের সম্মান, জীবন ও নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে। সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান মর্যাদা নিশ্চিত করা হবে এবং অতীতে যারা ধর্মীয় উপাসনালয়ে হামলা করেছে তাদের বিচার করা হবে।
নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, শেরপুরে জামায়াত নেতাকে হত্যা করে আমাদের গতি থামানো যাবে না। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, প্রয়োজনে জীবন দেব তবুও হার মানব না। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিবাজদের বয়কট করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুম, ঢাকা উত্তর মহানগর সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি। জনসভায় ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।