মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ১৯৩ বার রক্তদাতা জাভেদ নাছিম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: ১৯৩ বার স্বেচ্ছায় রক্তদান ও স্কিন ডোনেশনের মাধ্যমে মানবিক দৃষ্টান্ত স্থাপন করায় ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬’ লাভ করেছেন সমাজকর্মী জাভেদ নাছিম। সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক জমকালো অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

বাংলাদেশ গ্রিন লিফ কালচারাল ফোরাম ও মাদার তেরেসা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রিন লিফ ম্যাগাজিনের সম্পাদক তসলিম হাসান হৃদয়ের সঞ্চালনায় ও ফরিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেত্রী রেনু রোজিনা।

প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ চট্টগ্রামের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগীতশিল্পী রবি চৌধুরী, মানবিক পুলিশ হিসেবে পরিচিত মো. শওকত হোসেন পিপিএম এবং বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ওসমান গনী মনসুর।

সম্মাননা গ্রহণকালে জাভেদ নাছিম বলেন, “রক্তদান মানুষের প্রতি মানুষের দায়িত্ব। আমার রক্ত যদি একজনের জীবন বাঁচায়, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।”

উল্লেখ্য, জাভেদ নাছিম দীর্ঘদিন ধরে মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সংগ্রহ ও মানবিক কাজে যুক্ত থেকে নিজেকে সমাজের এক নীরব নায়কে পরিণত করেছেন। ১৯৩ বার রক্তদানের এই বিরল রেকর্ডকে আয়োজকরা ‘লাল ভালোবাসা’র অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *