নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ড্রোন, ডগ স্কোয়াড, বিএনসিসি, স্কাউট ও গার্লস গাইডের সদস্যরাও দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিআইডি সদর দপ্তরে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এমন থাকবে যে ব্যালট বাক্স ছিনতাই করা সম্ভব নয়। এবারই প্রথমবারের মতো নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন এনে প্রতিটি ভোটকেন্দ্রে কমপক্ষে পাঁচজন অস্ত্রধারী সদস্য মোতায়েন করা হবে, যার মধ্যে দুইজন পুলিশ ও তিনজন আনসার সদস্য থাকবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে তিনজন পুলিশসহ মোট ছয়জন অস্ত্রধারী সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে লাঠিধারী আরও ১০ জন আনসার সদস্য (৬ জন পুরুষ ও ৪ জন নারী) মোতায়েন থাকবে।
তিনি আরও জানান, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। গুজব ও মিথ্যাচার প্রতিরোধে সিআইডির সাইবার ইউনিটকে কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি।
সিআইডি প্রধান অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আইজিপি বাহারুল আলম উপস্থিত ছিলেন। সিআইডি প্রধান জানান, তাদের মোট জনবলের ৯০ শতাংশ এই নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করবে। সভা শেষে কৃতিত্বপূর্ণ কাজের জন্য কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।