মঠবাড়িয়ার গর্ব: ফিজিক্স অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ‘উৎস’

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: মঠবাড়িয়ার কৃতি সন্তান আহাদ আবদুল্লাহ উৎস বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে বিজয়ী হয়ে এলাকার জন্য গৌরব বয়ে এনেছে। মঠবাড়িয়া কল্যাণ সমিতির পক্ষ থেকে এই মেধাবী শিক্ষার্থীকে শিগগিরই বিশেষ সংবর্ধনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

মঠবাড়িয়ার বিশিষ্ট চিকিৎসক ডা. ফেরদৌস প্রিন্সের সন্তান উৎস দীর্ঘদিন ধরেই উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রেখে আসছিল। তবে জাতীয় পর্যায়ের এই বড় অর্জন মঠবাড়িয়াবাসীকে নতুন করে আনন্দিত ও অভিভূত করেছে।

উৎসর এই সাফল্যে মঠবাড়িয়া কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ মনির মাতুব্বর ইকো জানান, উৎসর নিরবচ্ছিন্ন এই সাফল্যকে অভিনন্দন জানাতে সমিতির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম্মাননা প্রদান করা হবে।

এলাকার সচেতন মহলের মতে, উৎসর এই সাফল্য প্রমাণ করে যে গ্লোবালাইজেশনের এই যুগে ভৌগোলিক অবস্থান বড় কোনো বাধা নয়। মঠবাড়িয়াতে থেকেও প্রতিভা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের নামী-দামী স্কুলের শিক্ষার্থীদের পরাজিত করা সম্ভব। উৎসর এই অর্জনের পেছনে তার মা-বাবা এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও উৎসাহকে বড় কারণ হিসেবে দেখছেন সকলে।

উৎস শুধু মঠবাড়িয়া নয়, দেশের গণ্ডি পেরিয়ে একদিন আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের গৌরব উজ্জ্বল করবে—এমনটাই প্রত্যাশা মঠবাড়িয়ার সাধারণ মানুষের।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *