বেনাপোলে মিথ্যা ঘোষণায় আনা সাড়ে ৩ টন ভারতীয় ইলিশ আটক

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা বিপুল পরিমাণ ভারতীয় ইলিশ মাছের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বন্দরের ৩১ নম্বর কাঁচামালের শেড থেকে এই চালানটি জব্দ করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, আমদানিকৃত দুটি ভারতীয় ট্রাকে (WB25K-3029 ও WB11E-5027) বোয়াল, ফলি ও বাঘাইর মাছের ঘোষণা ছিল। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা কায়িক পরীক্ষা চালিয়ে ৫৪টি প্যাকেজে প্রায় সাড়ে ৩ টন ভারতীয় ইলিশ খুঁজে পান। জব্দকৃত এই ইলিশের বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

চালানটির আমদানিকারক সাতক্ষীরার মেসার্স জান্নাত এন্টারপ্রাইজ এবং রপ্তানিকারক ভারতের মেসার্স আরজে ইন্টারন্যাশনাল। উচ্চমূল্যের পণ্য কম শুল্কে খালাসের উদ্দেশ্যে পণ্যের তথ্য গোপন করা হয়েছে বলে কাস্টমস নিশ্চিত করেছে।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান জানান, শুল্ক আইন লঙ্ঘনের দায়ে ইলিশের চালানটি বাজেয়াপ্ত করা হয়েছে। আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *