নিজস্ব প্রতিবেদক | ঢাকা: দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম-৯ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকছে না।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) নির্বাচন কমিশনে শুনানি শেষে তাঁর আবেদনটি নামঞ্জুর করা হয়।
এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব জটিলতার কারণে ডা. ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন। রিটার্নিং কর্মকর্তার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন তিনি।
হলফনামা সূত্রে জানা গেছে, ডা. এ কে এম ফজলুল হক যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। তিনি তাঁর হলফনামায় উল্লেখ করেছিলেন যে, গত ২৮ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন। তবে আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নাগরিকত্ব ত্যাগের বিষয়টি প্রমাণিত না হওয়ায় নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে।