নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নানা চরাই-উতরাই পেরিয়ে সফলতার সাথে ১০ম বর্ষে পদার্পণ করেছে দেশের অন্যতম জাতীয় দৈনিক ‘সকালের সময়’। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদ্দাপিত হয়।
বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি জয়নাল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি জয়নাল আবেদীন বলেন, “মানবাধিকার ও গণতন্ত্র বাস্তবায়নে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। মানুষকে কোণঠাসা করার রাজনীতি বন্ধ করে কাজের মাধ্যমে দেশপ্রেমের প্রমাণ দিতে হবে।” মানবাধিকার বিষয়ে অসচেতনতাকে উন্নয়ন ও অগ্রগতির প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসসি’র পরিচালক আনিসুর রহমান, ‘সকালের সময়’-এর উপদেষ্টা সম্পাদক রেজাউল হক এবং বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। এছাড়া পাট গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মো. ইয়ারউদ্দিন সরকার, এয়ার ওয়ার্ল্ড হজ এজেন্সির স্বত্বাধিকারী আলহাজ মো. আইনুল হক, দৈনিক বর্তমানের নির্বাহী সম্পাদক নজমুল হক সরকারসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশালাকৃতির কেক কেটে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন শুরু করেন সম্পাদক মো. নূর হাকিম। মফস্বল থেকে আসা সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, “সত্য সংবাদ প্রকাশে আমি সবসময় আপনাদের পাশে আছি। যে কোনো প্রতিহিংসা মোকাবিলা করে সত্য প্রকাশে আমি আপসহীন। তবে মিথ্যা সংবাদের ক্ষেত্রে আমার অবস্থান সবসময় কঠোর।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পেশাগত কাজে বিশেষ অবদানের জন্য সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।