আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া বলেছেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না; তিনি ছিলেন শক্তি, দৃঢ় সংকল্প ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক। তাঁর প্রয়াণে বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তার প্রভাব দীর্ঘ সময় ধরে অনুভূত হবে।
শনিবার আখাউড়া উপজেলার বনগজ এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, তারেক রহমান ঐক্যের যে রাজনীতি শুরু করেছেন, তা শুধু নেতৃত্বের স্তরে নয়, গ্রাম থেকে ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। কারণ প্রকৃত শক্তি তৃণমূলের কর্মীরাই বিএনপির অগ্রযাত্রার প্রধান ভিত্তি।
আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া নিজের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরে বলেন, অতীতে স্বৈরাচারী শাসনের সময় কুখ্যাত আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আন্দোলনে তিনি জীবন বাজি রেখে রাজপথে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। মানুষের শান্তি, এলাকার উন্নয়ন এবং রাজনৈতিক সৌহার্দ্য প্রতিষ্ঠাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি জিয়া পরিবারকে বাংলাদেশের রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে বলেন, এই পরিবারের প্রতি নানা অবিচার করা হলেও দেশের প্রতি তাঁদের ভালোবাসা ও অবদান মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে।
হাজী নুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার খান, বিএনপি নেতা সৈয়দ খান সরদার, সুমন মিয়া, আবু হানিফ, আবু বক্কর মেম্বার, মঙ্গল মিয়া, সেলিম মোল্লা ও রওশন আলী বেপারী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোহসীন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমজাদ খান, সদস্য সচিব বাহাদুর তিতাস, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হাসান সানি, বর্তমান সভাপতি ইমরান মোল্লা ও সদস্য সচিব মোবারক মিয়াসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।