ঝালকাঠির একমাত্র খ্রিস্টান পল্লীতে বড়দিনের জমজমাট উৎসব

ঝালকাঠি প্রতিনিধি | মোঃ নাঈম মল্লিক

যিশুখ্রিস্টের শুভ জন্মদিন উপলক্ষে ঝালকাঠির একমাত্র খ্রিস্টান পল্লী নলছিটির রাজবাড়িয়া গ্রামে বইছে আনন্দের জোয়ার। রঙিন আলো, ক্রিসমাস ট্রি আর গোশালায় সেজেছে পুরো পল্লী। দুইশ বছরের পুরনো এই পল্লীর ৩০টি পরিবারের প্রায় ৪০০ সদস্য নানা আয়োজনে মেতে উঠেছেন বছরের শ্রেষ্ঠ এই উৎসবে।

প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়: বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় রাজবাড়িয়া খ্রিস্টান পল্লীতে শুভেচ্ছা বিনিময় করতে যান ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এবং পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এসময় তাদের সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হাবিব ও সহকারী কমিশনার রিজবি আহমেদ সবুজসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অতিথিরা চার্চের ফাদার আন্তানী সুশান্ত গোমেজকে সাথে নিয়ে বড়দিনের কেক কাটেন এবং বাসিন্দাদের সাথে কুশল বিনিময় করেন। জেলা প্রশাসক এসময় খ্রিস্টান পল্লীর সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।

বর্ণিল আয়োজন ও ধর্মীয় রীতি: পল্লীর অন্যতম আয়োজক পলাশ রবিন গোমেজ জানান, বড়দিনের প্রস্তুতি শুরু হয়েছিল ৯ দিন আগেই। ‘নভেনা খ্রিস্ট যোগ’ বা পাপ স্বীকার পর্বের মাধ্যমে আত্মশুদ্ধি শেষে ঘরে ঘরে নাচে-গানে ‘নগরকীর্তন’ বা যিশুর বার্তা পৌঁছে দেওয়া হয়। বড়দিনের সকালে ঘরে ঘরে রকমারি পিঠাপুলি ও কেক দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়েছে।

নিরাপত্তা ও সাজসজ্জা: পল্লীর গির্জাটিকে আলোকসজ্জায় চমৎকারভাবে সাজানো হয়েছে। যিশুখ্রিস্টের প্রতিচ্ছবি আর প্রার্থনায় অংশ নিতে আসা পুণ্যার্থীদের ভিড়ে মুখর ছিল গির্জা প্রাঙ্গণ। উৎসব নির্বিঘ্ন করতে চার্চের নিজস্ব ভলান্টিয়ার টিমের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম জানান, উৎসবের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ পুলিশি টহল জোরদার রয়েছে।

বিকেলে গির্জা প্রাঙ্গণে এক আলোচনা সভার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা রয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *