ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
দিবসের প্রথম প্রহরে নলছিটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হাবিব, সহকারী কমিশনার (ভূমি) রিজবী আহমেদ সবুজ, থানার অফিসার ইনচার্জ আরিফুল আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
সকাল ৮টায় স্থানীয় চায়না মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গানের তালে ডিসপ্লে প্রদর্শন করে। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার উদ্বোধন করা হয়। এ সময় অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে দেড় শতাধিক মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হাসপাতাল ও এতিমখানায় খাবার বিতরণ, দোয়া মাহফিল, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।