কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত ভোগডাঙ্গা ইউনিয়নের ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠ প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
২৬ কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট, ফুলবাড়ী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এর উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ ক্যাম্পে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সারাদিন চিকিৎসাসেবা প্রদান করেন। প্রায় হাজারো রোগী বিনামূল্যে চিকিৎসা গ্রহণ ও ওষুধ সংগ্রহ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর মেডিকেল কলেজ ড্যাব-এর সাবেক সভাপতি প্রফেসর মাহমুদুল হক সরকার, সাবেক সাধারণ সম্পাদক ও বিভাগীয় প্রধান প্রফেসর শরীফুল ইসলাম মণ্ডল, কুড়িগ্রাম জেলা ড্যাব-এর সাধারণ সম্পাদক ফজলুল রহমান শুভসহ রংপুর মেডিকেল কলেজ শাখা ড্যাবের চিকিৎসকবৃন্দ।
দিনব্যাপী আয়োজনে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয়রা এমন জনসেবামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।