কুড়িগ্রাম প্রতিনিধি
২৬ কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডা. মো. নজরুল ইসলাম খানের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত কুড়িগ্রাম পৌরসভার কয়েকটি শপিং মলে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পাশাপাশি এবি পার্টির নীতি-আদর্শ ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে লিফলেট বিতরণ করেন ডা. নজরুল।
এসময় উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, জেলা সদস্য লোকমান হাকিম, আমিনুল ইসলাম, সফিকুল ইসলাম, একেএম রেজাউল করিম, ছাত্রপক্ষের হেলাল উদ্দিন ও মামুনসহ আরও অনেকে।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. নজরুল ইসলাম খান বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও এই জেলায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ অঞ্চলের মানুষের মৌলিক চাহিদা এখনও পূরণ হয়নি। শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগব্যবস্থা–সব ক্ষেত্রেই তারা সংকটে রয়েছেন।”
তিনি আরও বলেন, “অতীতে যারা এই আসন থেকে ক্ষমতায় গেছেন, তারা অবহেলিত মানুষের কথা না ভেবে নিজেদের সুবিধাই বেশি দেখেছেন। এখন পরিবর্তনের সময়। এবি পার্টির মাধ্যমে সবার জন্য সমান সুযোগ-সুবিধা ও সম্মান নিশ্চিত করতে চাই। কর্মসংস্থান সৃষ্টি, মাদক নির্মূল, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন—এসবই হবে আমাদের মূল অঙ্গীকার। পাশাপাশি বন্যা ও নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ডা. নজরুল বলেন, “আমার টার্গেট, কুড়িগ্রামকে উন্নয়নের রোল মডেলে পরিণত করা।”