কুড়িগ্রামে এবি পার্টির নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলার দাদামোড় থেকে পুরাতন পশু হাসপাতাল মোড় হয়ে জিয়া বাজার পর্যন্ত নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন কুড়িগ্রাম-২ আসনের এমপি প্রার্থী এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডা. মো. নজরুল ইসলাম খান।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত চলা গণসংযোগে তিনি ব্যবসায়ী, ক্রেতা, পথচারী, দিনমজুরসহ জিয়া বাজারের চাউল হাটি, সবজি হাটি, মাছ হাটি, পান হাটি ও মুদি দোকানিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি এবি পার্টির নীতি-আদর্শ ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জুয়েল, অর্থ সচিব পনির উদ্দিন, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, জেলা সদস্য আমিনুল ইসলাম ও শফি মিয়া, পৌর যুগ্ম আহ্বায়ক একেএম রেজাউল করিম, হলোখানা ৮নং ওয়ার্ডের সদস্য সচিব মাইদুল ইসলাম মুকুল, ছাত্রপক্ষের মামুনসহ আরও অনেকে।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. নজরুল ইসলাম খান বলেন, “আমরা এবি পার্টির মাধ্যমে সকল শ্রেণী-পেশার মানুষের বৈষম্য দূর করে সমঅধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমি নির্বাচিত হলে কুড়িগ্রাম-২ আসনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্থানীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো। শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবা উন্নত করতে কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক সংকট দূরীকরণ এবং কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বাড়ানো হবে। এছাড়া অঞ্চল থেকে মাদক নির্মূলে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *