দুদকের গণশুনানিতে দিনাজপুর জেলা পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশংসিত

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর, ১০ নভেম্বর — দুর্নীতি দমন কমিশন (দুদক) ও দিনাজপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত গণশুনানিতে দিনাজপুর জেলা পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশংসিত হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই গণশুনানিতে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এবং দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, সেবা প্রার্থী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গণশুনানিতে নাগরিকরা তাদের অভিযোগ, সমস্যা ও পরামর্শ উপস্থাপন করেন। সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন,
“দুদকের গণশুনানিতে দিনাজপুর জেলা পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি, যা জনসেবা ও প্রশাসনিক স্বচ্ছতার ক্ষেত্রে পুলিশের ইতিবাচক ভূমিকার প্রতিফলন।”

অনুষ্ঠান শেষে দুদক কর্মকর্তারা বলেন, এমন গণশুনানি নাগরিক ও প্রশাসনের মধ্যে বিশ্বাস ও স্বচ্ছতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *