দুই বছর ধরে বিছানায় কাতরাচ্ছেন কামরুল মোল্লা

ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত স্থানীয় যুবক কামরুল মোল্লা দুই বছর ধরে সড়ক দুর্ঘটনার পর থেকে গুরুতর পায়ের জটিলতায় বিছানায় নিস্তেজ হয়ে আছেন। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করা এই কর্মীর পরিবার এখন চরম দুঃস্থ অবস্থায় দিন কাটাচ্ছে।

কামরুল মোল্লা জানান, ২০২৩ সালে বরিশালে অনুষ্ঠিত ‘তারুণ্যের সমাবেশ’ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার পায়ে মারাত্মক আঘাত লাগে। ঢাকার পঙ্গু হাসপাতালে চারবার অপারেশন করেও তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। চিকিৎসায় খরচ হয়েছে প্রায় ৫–৬ লাখ টাকা। সংসারের টানাপোড়েনে স্ত্রীও চলে গেছেন বাবার বাড়ি। এখন মা ও চার বছরের ছেলে ওসমানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, সুস্থ হতে আরও একটি অপারেশন প্রয়োজন, যার জন্য লাগবে প্রায় দুই লাখ টাকা।

তার মা বলেন, “ছেলের আয়েই সংসার চলত। এখন ছেলে কাজ করতে পারে না। চিকিৎসা করাতে গিয়ে সব টাকা শেষ। এনজিও লোনের কিস্তিও দিতে পারছি না। বুঝতে পারছি না—ভাত খাবো, ছেলের চিকিৎসা করাবো, নাকি কিস্তি দেব।”

সহকর্মী আবুল বাশার হাওলাদার ও জালাল খান জানান, বরিশাল থেকে ফেরার পথে দপদপিয়া জিরোপয়েন্টে একটি রডবাহী ভ্যানের সঙ্গে তাদের আলফার সংঘর্ষ হয়। এতে কয়েকটি রড কামরুলের পায়ে ঢুকে যায়। স্থানীয় নেতাকর্মী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসায় সহযোগিতা করলেও ভাগ্য খারাপ, একাধিক অস্ত্রোপচারের পরও তার পা পুরোপুরি সুস্থ হয়নি।

নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না বলেন, “কামরুল মোল্লা দলের একজন নিবেদিত কর্মী। দলের দুর্দিনে সব কর্মসূচিতে সে অংশ নিয়েছে। আমরা যা পেরেছি সহায়তা করেছি। আশা করি কেন্দ্রীয় নেতারা তার চিকিৎসায় আরও সহায়তা করবেন।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *