মোঃ মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুরে ভারতীয় গরু ও ছাগলের নিষিদ্ধ বীজ ও ভেটেরিনারি ভ্যাকসিন বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে মোট ৬৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে হিলির চারমাথা মোড়, সাতকুড়ি, বোয়ালদাড় ও ডাঙ্গাপাড়া বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন। তিনি জানান, ভারত থেকে অবৈধভাবে আনা নিষিদ্ধ প্রাণী বীজ এবং অনুমোদনহীন ভ্যাকসিন ব্যবহার ও বিক্রি হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তার স্বাস্থ্য ও প্রাণিসম্পদের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় তিনটি ভেটেরিনারি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘পদ্মকলি সুইটস’ নামের একটি মিষ্টির দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শফিউল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডাঃ মনতাসির মামুন এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মোকছেদ আলী।
সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন,
“জনস্বার্থে অবৈধ ভেটেরিনারি পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”