স্কেটিংয়ে জোড়া স্বর্ণপদক জিতলেন বগুড়ার সন্তান নাবীয়্যূন

স্পেশাল করেসপন্ডেন্ট: মুজাহিদ খাঁন কাওছার

চীনের জিনজিয়াং রাজ্যের কারামাই শহরে অনুষ্ঠিত ‘বেল্ট অ্যান্ড রোড চায়না-আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল টুর্নামেন্ট’-এ বাংলাদেশের স্কেটাররা দুটি স্বর্ণপদকসহ মোট চারটি পদক জয় করেছেন। এর মধ্যে বগুড়ার সন্তান নাবীয়্যূন ইসলাম পৃথিবী জোড়া স্বর্ণপদক অর্জন করেছেন।

ওয়ার্ল্ড এশিয়া স্কেটিং এবং চায়না রোলার স্কেটিং ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় নাবীয়্যূনের পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। ১১ ও ১২ অক্টোবর অনুষ্ঠিত এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ইতিহাসে একটি শ্রেষ্ঠ অধ্যায় যুক্ত হলো।

জুনিয়র-এ গ্রুপে অংশগ্রহণকারী নাবীয়্যূন প্রথম দিনে ৫০০ মিটার স্পিড রেসে এবং দ্বিতীয় দিনে ১০০০ মিটার স্প্রিন্ট রেসে প্রথম স্থান অধিকার করে জোড়া স্বর্ণপদক অর্জন করেন। বাংলাদেশ রোলার স্কেটিংয়ের ৩০ বছরের ইতিহাসে বাঙালি ছেলে হিসেবে এশিয়ার ১৭টি দেশের মধ্যে প্রতিযোগিতা করে একসঙ্গে দুটি স্বর্ণপদক অর্জনের ঘটনা এটিই প্রথম।

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,
“নাবীয়্যূন ইসলাম পৃথিবী চীনে বেল্ট অ্যান্ড রোড এশিয়ান রোলার স্কেটিং প্রতিযোগিতায় অবিশ্বাস্য দক্ষতায় পারফর্ম করেছে। এই জয় শুধু বাংলাদেশের নয়, এটি এশিয়ার রোলার স্কেটিং ইতিহাসেও এক মাইলফলক।”

নাবীয়্যূনের জোড়া স্বর্ণপদক ছাড়াও, বাংলাদেশ দলের আতাহার শিহাব অদিত আরও দুইটি পদক অর্জন করেছেন।

ঢাকার বাইরের একমাত্র প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া নাবীয়্যূন প্রায় আট বছর ধরে স্কেটিংয়ের সঙ্গে যুক্ত। বগুড়া রোলার স্কেটিং ক্লাবের হয়ে অনুশীলনকারী নাবীয়্যূন ক্লাবের প্রতিষ্ঠাতা ও কোচ আশরাফুল ইসলাম রহিতের বড় ছেলে। আন্তর্জাতিক মঞ্চে নামার আগে দুটি জাতীয় ইভেন্টে রৌপ্যপদক অর্জন এবং রোপ স্কিপিংয়ে চলতি বছরে উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

বাবা ও কোচ আশরাফুল ইসলাম রহিত বলেন,
“এশিয়ার ১৭টি দেশের মধ্যে প্রতিযোগিতা করে ৩০ বছরের ইতিহাসে বাঙালি ছেলে হিসেবে দুটি গোল্ড মেডেল পাওয়াটা একটি বিশাল অর্জন। দোয়া করি সে আরও এগিয়ে যায়।”

গত ৮ অক্টোবর ১০ সদস্যের বাংলাদেশ দল চীনের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *