নিজস্ব প্রতিবদেক:- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সদস্যসচিব আখতার হোসেন।
নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ১১টা) জন এফ কেনেডি বিমানবন্দরের পাশের পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় তিনি এ মামলা দায়ের করেন। মামলায় তিনি দুজনের নাম উল্লেখ করেছেন এবং আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করেছেন।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এনসিপির এ নেতা বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছালে স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
ঘটনার পর মিজানুর রহমানকে পুলিশ আটক করে। তবে তাকে বিএনপির এক কর্মীকে ছুরিকাঘাত করার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।