সারের কৃত্রিম সংকটের প্রতিবাদে কুড়িগ্রামে ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’-এর বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি

চলতি আমন মৌসুমে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কৃষকদের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছে। এর প্রতিবাদে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে জেলা শহরের শাপলা চত্বরে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কৃষকসহ গণ্যমান্য বক্তারা উপস্থিত ছিলেন। বক্তৃতা দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম জুয়েল, জেলা শাখার আহ্বায়ক মো. মনতাজ আলী, সদস্য সচিব রেজাউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ আলম এবং ভোগডাঙ্গা ইউনিয়ন শাখার মো. ফারুক হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মো. সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মামুনুর রশীদ মামুনএনাম রাজু। সভাপতিত্ব করেন মো. রফিকুল ইসলাম

বক্তারা বলেন, “সার ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনতে হচ্ছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা নিচ্ছেন। অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের তৎপরতা প্রয়োজন।”

সমাবেশে কৃষকরা ‘জাগো কৃষক, সংঘবদ্ধ হও’ এই স্লোগান তুলে একজোট হওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশ শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসক কার্যালয়ে তিন দফা দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করেন। তিন দফা দাবির মধ্যে রয়েছে—
১. জেলায় ডিলার সংখ্যা বৃদ্ধি করা।
২. কালোবাজারী নিয়ন্ত্রণ করা।
৩. সিন্ডিকেট ভেঙে দেওয়া।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *