নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশের একটি ফরমড পুলিশ ইউনিট (এফপিইউ) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদানের উদ্দেশ্যে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশে রওনা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত পৌনে একটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যায়।
এই কন্টিনজেন্টে রয়েছেন মোট ১৮০ জন পুলিশ সদস্য, যাদের মধ্যে ৭০ জন নারী পুলিশ। ইউনিটটির নেতৃত্বে আছেন পুলিশ সুপার জান্নাত আফরোজ।
বিমানবন্দরে মিশনগামী শান্তিরক্ষীদের বিদায় জানান অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম, ডিআইজি (অপারেশন্স) মো. রেজাউল করিম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অপারেশন্স উইংয়ের কর্মকর্তারা।
২০০৫ সাল থেকে বাংলাদেশ পুলিশের এফপিইউ কঙ্গোতে দায়িত্ব পালন করছে। নারী কন্টিনজেন্ট প্রথমবার অংশ নেয় ২০১১ সালে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা শুরু হয় ১৯৮৯ সালে, নামিবিয়া মিশনে। বর্তমানে ২১৫ জন পুলিশ সদস্য বিভিন্ন মিশনে কর্মরত রয়েছেন। এর মধ্যে ১৭৮ জন এফপিইউ সদস্য এবং ৩৭ জন ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার (আইপিও)। নারী পুলিশ সদস্য আছেন মোট ৭৫ জন—এফপিইউতে ৬৮ জন এবং আইপিও পদে ৭ জন।
এ পর্যন্ত ২১ হাজার ৮১৬ জন পুলিশ সদস্য শান্তিরক্ষা মিশনে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের পর দেশে ফিরেছেন। একইসঙ্গে ২৪ জন সাহসী পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করেছেন।
জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশের অবদান বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।